অবশেষে চার হাত এক হল। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্কারকে। মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি। মায়ের ছবিকে সাক্ষী রেখেই বিয়ে করলেন অংশুলা। বোনের বিয়ের ঠিক পরই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা ভাগ করেছেন অর্জুন, যা মুহূর্তেই নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
ইনস্টাগ্রামে বোনের বিয়ের সুন্দর কিছু মুহূর্তের ছবি পোস্ট করে অর্জুন লেখেন, 'তুমি সবসময়ই আমারই থাকবে, কিন্তু এখন সময় হয়েছে তোমাকে ছেড়ে থাকার। রোহনের সঙ্গে আজ থেকে তোমার নতুন পথচলা শুরু হল। তোমাকে হাসিখুশি দেখে আমার মন আজ ভীষণ তৃপ্ত।'
অর্জুন আরও লেখেন, প্রয়াত মা মোনা শৌরি কাপুরের কথা। অর্জুনের চোখে, অংশুলার মধ্যে মায়ের ছায়াই তিনি খুঁজে পান। তিনি আবেগপ্রবণ হয়ে লেখেন, 'আমি তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি। তুমি আমাদের মায়ের মূল্যবোধকে প্রতি পদক্ষেপে ফুটিয়ে তুলেছ। তুমি একদম ভেবো না, মা উপর থেকে সবসময় তোমাকে আশীর্বাদ করছেন।'
প্রসঙ্গত, অংশুলা কাপুরের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে দেখা গিয়েছে এমন এক মুহূর্ত, যা এখন নেটপাড়ার আলোচনার মধ্যমণি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অংশুলার ‘চূড়া’ এবং ‘কলিরা’ অনুষ্ঠানের সময় মজার এক কাণ্ড ঘটে গেল। ঐতিহ্য অনুযায়ী, কনের কবজি থেকে কলিরা যার ওপর পড়ে, সাধারণত ধরে নেওয়া হয় তিনিই পরবর্তী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অংশুলা যখন মজা করে কলিরা ঝরাচ্ছিলেন, তখন সেটি সরাসরি গিয়ে পড়ে দাদা অর্জুন কাপুরের মাথায়। এই অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সকলেই হেসে কুটোপুটি। অংশুলা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাগ করেছেন।















