সোমবার ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্ক থেকে তিনি এদিন প্রথমে আশুতোষ মুখার্জির বাড়িতে যান। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাঁকে সেখানে শ্রদ্ধা জানিয়ে টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি যান অমিত শাহ।

প্রসেনজিতের বাড়িতে এদিন সৌজন্য সাক্ষাৎ করতে আসেন অমিত শাহ। মাত্র মিনিট ১৫ থাকেন। তাঁর সঙ্গে এদিন ইন্ডাস্ট্রির বাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি ও নিশীথ প্রামাণিক। প্রসেনজিতের সঙ্গে কী কথা হল অমিত শাহের?

অমিত শাহ নিজেই সমাজমাধ্যমে প্রসেনজিতের সঙ্গে ছবি ভাগ করে লিখেছেন, 'বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। 'বিশেষ জনসংযোগ অভিযান'-এর অংশ হিসেবে, গত ১২ বছরে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম।' (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

এদিকে, অমিত শাহর পোস্ট ভাগ করে 'ইন্ডাস্ট্রি' লিখলেন, 'আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন, এবং আমাকে উপহার হিসেবে দেওয়া বইগুলির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সঙ্গে কাটানো সময়, আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার এই আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

প্রসঙ্গত, চলতি বছর পদ্মশ্রী পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করার সময়ই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কলকাতায় এলে, তাঁর বাড়ি আসার কথা বলে এসেছিলেন। এদিন শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অমিত শাহ যখন কলকাতায় এলেন, তখন তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে থেকে কিছুটা সময় কাটালেন অভিনেতার বালিগঞ্জের বাড়িতে।