বঙ্গে অবসান ঘটেছে ১৫ বছরের তৃণমূল শাসনের। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের পথে বিজেপি। ২০০ টির বেশি আসনে জয়লাভ করেছে পদ্মশিবির। তারপরই এদিন নবনির্বাচিত সরকারের কাছে বিশেষ আবেদন জানালেন টলিউডে মেগাস্টার দেব। 

দেব এদিন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'বিজেপিকে শুভেচ্ছা বাংলায় নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার জন্য। আমি আশা করব এই সরকার আমাদের রাজ্যের উন্নতি, শান্তি এবং উন্নয়নের জন্য কাজ করবে। মানুষের কথা তাঁরা শুনবেন, এই আশা রাখি।' এরপরই দেবের লেখায় উঠে আসে টলিউডে এতদিন যাবৎ চলে আসা ব্যান কালচারের প্রসঙ্গ। তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'আমি যেহেতু এমন একজন যিনি জনগণের সঙ্গে এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত, সেহেতু আমি নতুন সরকারের কাছে বিনীত অনুরোধ করছি তাঁরা যেন একতা এবং শিল্পী ও শিল্পের স্বাধীনতাকে নিশ্চিত করে। যে ব্যান এবং বিভেদ করার কালচার রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটাকে মুছে ফেলে। বাংলার অন্যতম বড় পরিচয় তাঁর ছবি। আর তার উন্নতি একমাত্র সম্ভব পারস্পরিক সম্মান, একসঙ্গে পথ চলা ও সকলের একত্রে উন্নতির মাধ্যমে।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দেব সবসময়ই টলিউডের ব্যান কালচার নিয়ে সরব থেকেছেন। অনির্বাণ ভট্টাচার্যর মতো অভিনেতাদের আবার কাজে ফেরানোর প্রসঙ্গে কথা বলেছেন এবং সেটা করেও দেখিয়েছেন। 

এদিন দেব তাঁর পোস্টে ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রসঙ্গও উল্লেখ করেছেন। লেখেন, 'আমি নতুন সরকারের থেকে সাহায্য আশা করব ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করার জন্য। এটি একটি বহুদিনের প্রস্তাবিত প্রজেক্ট, অনেকদিনের স্বপ্ন এবং ঘাটালের মানুষদের প্রয়োজনীয়তা। রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা দরকার প্রাণ বাঁচানোর জন্য।'

দ্বিতীয় দফার নির্বাচনের দিন ভোট দিয়ে বেরিয়েই দেব জানান এবার তিনি সরকারের কাছে কোন বদল আনার আবেদন জানাবেন। বলেন, "যেভাবে পপুলেশন বাড়ছে, চাকরির যা অবস্থা সেটা বাংলা বলে না, গোটা দেশেই। সেখানে দাঁড়িয়ে পপুলেশন কন্ট্রোল আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আগে চিনের জনসংখ্যা বেশি ছিল, এখন আমরা এগিয়ে গিয়েছি। ওদের জায়গা আমাদের তুলনায় অনেক বেশি। দিদি এলে, দিদিকে বলব সকলকে নিয়ে একটা প্ল্যান বানাতে পপুলেশন কন্ট্রোল করার। সেটা করতে ২০-২৫ বছর লাগবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করলেই অনেক সমস্যার সমাধান হবে। এটাই মূল বিষয় হওয়া উচিত। এটা ঘাটাল মাস্টারপ্ল্যান নয় যে ৫ বছরের মধ্যে হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অনুরোধ, যৌথ ভাবে এটা নিয়ে একটা কাজ করা হোক।" একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, তিনি চান এবারও তাঁর দল মানে, তৃণমূল কংগ্রেস জিতুক, ও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন।