আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গাড়ি দাঁড় করিয়ে, গুলি করে খুন করা হয়েছে, বুধ রাতে এই অভিযোগে উত্তাল রাজ্য। ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত হচ্ছেন। গেরুয়া শিবিরের নেতারা যখন ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিল মমতা ব্যানার্জির দল।

 

কী লিখল তৃণমূল কংগ্রেস? সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, 'আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও, গত তিন দিন ধরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতকারীদের দ্বারা ঘটানো নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তৃণমূল কংগ্রেসের আরও তিনজন কর্মীর হত্যাকাণ্ডের সঙ্গেই মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের মৃত্যুর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

 

আমরা এই বিষয়ে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি, যার মধ্যে আদালত-পর্যবেক্ষিত সিবিআই তদন্তও অন্তর্ভুক্ত থাকবে, যাতে দোষীদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়। গণতন্ত্রে সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনও স্থান নেই এবং দোষীদের যত দ্রুত সম্ভব জবাবদিহিতার আওতায় আনতে হবে।'

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যদিও দুম করে ঘটনার দোষ চাপিয়ে নেওয়া বাঞ্ছনীয় নয়। এর সঙ্গে সরাসরি রাজনীতির আদেউ কতটা যোগ আছে বাকিরা খতিয়ে দেখবে। এখন তো সমগ্র বিষয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতির দায়িত্বে। পুলিশ যথাযথ তদন্ত করুক। খুব স্বাভাবিক রাজনৈতিক মেরুকরণ জনিত পরিবেশে দুম করে দোষারোপ করে দেওয়া ঠিক নয়। আমাদের দলের তরফে কারও জড়িত থাকার প্রশ্ন নেই। পুলিশ তদন্ত করে বার করুক। এই ঘটনা চলতে পারে না।'