আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। মধ্যমগ্রামের পর এবার বসিরহাট। আরও এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গুরুতর আহত হয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। 

 

স্থানীয় সূত্রে জানা, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর নাম, রোহিত রায়। বর্তমানে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিজেপি কর্মী রোহিতের হাতে গুলি লেগেছে। 

 

বিজেপি সূত্রে জানা গেছে, গুলি চলার খবর পেয়েই বিজেপি নেতা তন্ময় মণ্ডল এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তড়িঘড়ি ঘটনাস্থলে যান। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রোহিতকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

প্রসঙ্গত, এই ঘটনার কিছুক্ষণ আগেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

 

জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে দু’‌জন ছিলেন চালক ও আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। আপ্ত সহায়কের গাড়ির চালক আহত হয়েছেন। জানা গিয়েছে তাঁরা কালো স্করপিওতে ছিলেন। সূত্রের খবর, বাইকে করে এসে গুলি করে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। 

 

এই ঘটনার খবর পেয়েই মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ-সহ আরও একাধিক বিজেপি বিধায়ক। ভিভা সিটি হাসপাতালে বাইরে বিজেপি কর্মী, সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।