রিয়া পাত্র
জল্পনা তুঙ্গে। তৃণমূল নাকি ভাঙছে! তবে এবার আর কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট নয়, এবার নাকি ভাগ হচ্ছে আসল তৃণমূল, আর তৃণমূলের। জাল-সই কাণ্ডে যেভাবে দফায় দফায় বেআব্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে দুই বিধায়কের নাম বলা এবং তৃণমূলের দুই বিধায়ককে বহিষ্কারের পর, জল্পনা আরও তীব্র। যদিও এখনও পর্যন্ত, তা নেহাতই জল্পনা। কোনও নিশ্চয়তা নেই।
তবে সূত্রের খবর, এসব আলোচনার মাঝেই নাকি সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে দফায় দফায় শহরের হোটেলে বৈঠকে বসেছিলেন ঋতব্রত ব্যানার্জি। এক দফার বৈঠকের পর, বেশ কিছু বিধায়ক পিছু হটেছেন। তাঁদের দাবি, তাঁরা মমতা ব্যানার্জির সঙ্গ ছাড়তে পারবেন না। আর এসবের মাঝেই, জল্পনা, বাংলার রাজনীতিতে এবার মহারাষ্ট্রের ছায়া পড়তে পারে অচিরেই। আরও স্পষ্ট করে বললে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, বারবার অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে বিজেপি যেভাবে দল ভাঙিয়েছে, সেই চেষ্টা হবে বাংলাতেও। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বাংলার তৃণমূলের উপর মহারাষ্ট্রের এনসিপি-শিবসেনার ছায়া দেখছেন অনেকেই। কিন্তু সেখানে হাত বিজেপির নয়, বরং কিছুটা উলটো। রবিবার মমতার ডাকা বৈঠক ভেস্তে যাওয়ার পর, রাজনীতির অলিন্দে জোর জল্পনা, এবার কি তাহলে তৃণমূলেও 'আমরা', 'ওরা' স্পষ্ট হয়ে গেল আরও?
জল্পনার কারণ খুব স্পষ্ট। বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে টালবাহানা চলছে তৃণমূলের অন্দরে। অভিষেকের নামের চিঠির ভিত্তিতে জানানো হয়েছিল, তৃণমূলের বিধায়করা সর্বসম্মতিক্রমে ঠিক করেছেন, বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কেই ঠিক করা হয়েছে বিরোধী দলনেতা হিসেবে। সমস্যার সূত্রপাত সেখানেই। বিধায়কদের নাম সই করা যে রেজিলিউশন জমা দিয়েছিল তৃণমূল, জল্পনা, তাতে অনেক বিধায়কের সই নাকি জাল! ইতিমধ্যে 'সই কার?' জানতে একাধিক বিধায়কের বাড়িতে গিয়েছে সিআইডি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতেও সিআইডি গিয়েছিল। সূত্রের খবর, জাল-সই কাণ্ডে সিট গঠন করেছে রাজ্য। তারপরেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই দলের জাল-সই কাণ্ডে বিধানসভায় অভিযোগ করেছিলেন। ঠিক তার পরেই, ওই দু'জনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।
এই পরিস্থিতিতে জোর কানাঘুষো, তৃণমূলের টালমাটাল পরিস্থিতিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আমরা-ওরা বিভাজন। এদিক-ওদিক কান পাতলে শোনা যাচ্ছে, তৃণমূলের ৮০ জয়ী বিধায়কের মধ্যে একটা বড় অংশ নাকি মানছেন না, বিরোধী দলনেতারর নাম বাছাই বিষয়টিকে। রবিবার আরও স্পষ্ট হয়ে যায় বিষয়টি, যখন মমতার ডাকা বৈঠকে ৮০ বিধায়কের মধ্যে, উপস্থিত হয়েছিলেন মাত্র ২০ জন। অন্যদিকে পরাজিত বহু নেতার মন্তব্য প্রকাশ্যে এসেছে, কেউ ক্ষোভ প্রকাশ করেছেন সোজা অভিষেকের বিরুদ্ধে, কেউ আঙুল তুলেছেন ক্যামাক স্ট্রিটের দিকে। কেউ বলছেন, অভিষেক যেদিন দাদা থেকে বস হলেন, সেদিনই নাকি তৃণমূলের কফিনে শেষ পেরেক পড়ে গিয়েছিল। বাংলার রাজনীতিতে গত কয়েকবছর ধরে 'কালীঘাট বনাম ক্যামাকস্ট্রিট', 'নবীন বনাম প্রবীণ' ফাটল শোনা গিয়েছে বহুবার। এই পরিস্থিতিতে, 'আমরা আসল তৃণমূল' স্লোগান তুলে বিধায়কদের বড় অংশ নাকি মমতা-অভিষেকের বাছাই নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের নাকি বৈঠকও হচ্ছে দফায় দফায়।
এই পরিস্থিতিতে কী করবেন 'আসল তৃণমূল' নেতারা? সোজা ঘাসফুল থেকে পদ্মফুলে ঝাঁপ দিতে পারেন, এই ধরনে জল্পনা ৫ মে থেকে থাকলেও, বিজেপির দরজা এখন বন্ধ বলে, এখনই এই বদল সম্ভব হচ্ছে না। আবার তার মাঝেই কে ভাল তৃণমূল কে নয়, তা নিয়েও চলছে অঙ্ক কষা। সূত্রের খবর, এখানেই মিলে যেতে পারে মমতার 'মহারাষ্ট্র' আতঙ্ক। সরাসরি বিজেপিতে না গিয়ে, শিবসেনার একনাথ শিন্ডে কিংবা এনসিপির অজিত পাওয়ারের মতো বিক্ষুব্ধ নেতারা পৃথক হয়ে, দলের নাম একই রেখে, বকলমে বিজেপির হাত ধরতে পারেন।
মমতা ব্যানার্জি খোদ সেই জল্পনা বাড়িয়ে দিলেন না? মমতা বললেন, 'ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারও কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজন কে? আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিশিয়েট করি। তা সত্ত্বেও আমরা তাকে দু'বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাঁকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোড় করে। এদের আমরা ক্ষমা করিনি, আজকে দু'জনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। তিনি আবার অন্যান্যদের সঙ্গেও যোগাযোগ করছেন। অপরাধটা কি? না তিনি, তাঁর ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা, এমপি হবে, এমএলএ হবে, তাঁর ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না?'
একনাথ শিন্ডের আচমকা উদ্ধব ঠাকরের হাত ছেড়ে, 'আসল শিবসেনা' প্রমাণ কিংবা কাকার হাত ছেড়ে অজিতের পৃথক এনসিপি গোষ্ঠী তৈরি করার মতোই তাহলে কি বাংলাতেও কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটের গণ্ডি ছাড়িয়ে তৈরি হচ্ছে 'আসল তৃণমূল'? যদি হয়ও, তাহলে কে হবেন একনাথ কিংবা অজিত? ঋতব্রতই কি?















