দীক্ষা ভুঁইয়া: আন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সিকিমের চালক ও পরিবহণ ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ ও সিকিম সরকারের মধ্যে রিসিপ্রোক্যাল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হল। শুক্রবার কলকাতার পরিবহণ ভবনে এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের প্রধান সচিব রবীন্দর সিং, সিকিম সরকারের পরিবহণ দফতরের সচিব মনীশ প্রধান এবং সিকিম স্টেট ট্রান্সপোর্ট অথরিটির এটিসি-সহ সচিব রোশন প্রধান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
দুই রাজ্যের মধ্যে পরিবহণ সংযোগ আরও উন্নত করার লক্ষ্যে আলোচনার ভিত্তিতেই এই চুক্তি বাস্তবায়িত হয়েছে। চুক্তির ফলে সিকিমের পরিবহণ ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বলে সিকিমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ।
সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে,সিকিমের ট্যাক্সি গাড়ির কাউন্টার সিগনেচার পারমিটের সংখ্যা ৩,০০০ থেকে বাড়িয়ে ৬,০০০ করা হয়েছে। পাশাপাশি, বিশেষ পারমিটে চলাচলকারী ট্যাক্সিগুলি এবার থেকে শিলিগুড়ি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ফেরার পথে যাত্রী তুলতে পারবে। এছাড়া রংপো ও মেল্লির মধ্যে চলাচলকারী সিকিমের পরিবহণ গাড়িগুলির জন্য নতুন করিডর সুবিধা চালু হওয়ায় আর কাউন্টারসিগনেচার পারমিটের প্রয়োজন হবে না।
সিকিম সরকারের মতে, এই সিদ্ধান্তে সিকিমের হাজার হাজার চালকের আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তিকে স্বাগত জানিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) একে রাজ্যের পরিবহণ ক্ষেত্রের জন্য ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন , এই চুক্তির ফলে সিকিমের হাজার হাজার চালকের আর্থিক উপকারের পাশাপাশি দুই রাজ্যের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে এবং পশ্চিমবঙ্গ ও সিকিমের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।















