বেলজিয়াম - ৪ (কেটেলারে-২, ভানাকেন, লুকাকু)
মার্কিন যুক্তরাষ্ট্র - ১ (টিলম্যান)
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের তিন আয়োজক দেশের বিদায়। কানাডা, মেক্সিকোর পর ছিটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় মঙ্গলবার সকালে সিয়াটেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করল বেলজিয়াম। জোড়া গোল চার্লস ডি কেটেলারের। বাকি দুই গোল হান্স ভানাকেন এবং রোমেলু লুকাকুর। শেষ আটের লড়াইয়ে স্পেনের মুখোমুখি রেড ডেভিলসরা। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন অতীত। একাধিক নতুন ফুটবলার। পুরোনোদের মধ্যে ছিলেন কুর্তুয়া, কেভিন ডি ব্রুইন এবং রোমেলু লুকাকু। তারমধ্যে প্রথম একাদশে ছিলেন মাত্র বেলজিয়ামের তারকা গোলকিপার। বাকি দু'জন বেঞ্চে। বিশ্বকাপের মঞ্চে নতুন তারকার জন্ম হল। এদিন ম্যাচের নায়ক চার্লস ডি কেটেলার।
কেভিন ডি ব্রুইন এবং ফোলারিন বালোগুনকে কেন্দ্র করে ম্যাচের পারদ চড়েছিল। বেলজিয়ামের তারকা শুরু করেন বেঞ্চে। বিতর্কিত কার্ড সমস্যা কাটিয়ে প্রথম একাদশে ছিলেন মার্কিন স্ট্রাইকার বালোগুন। ২০২১ সালে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির বিরুদ্ধে প্রথম দলে ছিলেন না কেভিন। দীর্ঘদিন পর বিশ্বমঞ্চে প্রথম দলের বাইরে তারকা ফুটবলার। এদিন বেলজিয়াম দলে চারটে পরিবর্তন হয়। খেলার শুরু থেকেই রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে গোল করে রেড ডেভিলসদের এগিয়ে দেন ডি কেটেলারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ মেলে। বল নিজেদের বক্সে ক্লিয়ার করতে পারেনি। নিকোলাস রাসকিনের পাস থেকে ফাঁকা গোলে ট্যাপ করেন চার্লস। এগিয়ে যাওয়ার পর ম্যাচের দখল ছিল বেলজিয়ামের হাতে। পজেশনাল ফুটবল খেলার চেষ্টা করে। খেলার গতির বিরুদ্ধে গিয়ে সমতা ফেরায় মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩১ মিনিটে ফ্রিকিক থেকে গোল ম্যালি টিলম্যানের। মানব প্রাচীরে বেলজিয়ান ফুটবলারের মাথায় লেগে বল গোলে ঢুকে যায়। কিছু করার ছিল না কুর্তুয়ার। মনে হয়েছিল, এবার ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। প্রত্যাবর্তন করবে আমেরিকা। অনেকেই আয়োজক দেশকে ফেভারিট ধরেছিল। কিন্তু পুরোপুরি আত্মসমর্পণ মার্কিনিদের। সঙ্গে একাধিক ভুল। মাত্র ১১৬ সেকেন্ডের মধ্যে আবার এগিয়ে যায় বেলজিয়াম। ব্যবধান বাড়ান ডি কেটেলারে। টিম রিমকে টপকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে ২-১ করেন। বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত। ৪৩ মিনিটে সিটার নষ্ট বেলজিয়ামের।
প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে ছিল রেড ডেভিলসরা। বিরতির পরও দাপুটে শুরু। বেলজিয়ামের প্রেসিং ফুটবলে একের পর এক ভুল করে মার্কিনিরা। ম্যাচের ৫৭ মিনিটে ৩-১। এবার মার্কিন গোলকিপারের ভুলে। বক্স ছেড়ে বেরিয়ে আসেন ফ্রিসে। বুক দিয়ে বল রিসিভ করে ডান পায়ে কাটানোর চেষ্টা করেন। কিন্তু বল ক্লিয়ার করতে পারেননি। কেটেলারের পায়ে লেগে বল পান ভানাকেন। ফাঁকা গোলে রাখতে ভুল করেননি। আমেরিকার কফিনে শেষ পেরেক পোঁতেন রোমেলু লুকাকু। ৬৭ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে স্কোরশিটে নাম তোলেন। ম্যাচের অতিরিক্ত সময় ৪-১ করেন লুকাকু। এবারও বিপক্ষের ডিফেন্ডারের ভুলে। ডান পায়ের গড়ানো শটে বল গোলে রাখেন। ৯৩তম আন্তর্জাতিক গোল বেলজিয়ান তারকার। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোকে অনুরোধ করে ফোলারিন বালোগুনের লালকার্ডের সিদ্ধান্ত বদল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু লাভ হল না।















