আজকাল ওয়েবডেস্ক: রেকর্ডের পর রেকর্ড বৈভব সূর্যবংশীর। বয়স মাত্র ১৫। কিন্তু যেভাবে প্রত্যেক ম্যাচে নজির গড়ছেন, মনে হচ্ছে শীঘ্রই আইপিএলে নিজের বয়সের থেকে বেশি রেকর্ড করে ফেলবেন। প্রত্যেক ম্যাচেই নতুন মাইলস্টোন। এদিনও আরও কয়েকবার ইতিহাসে নাম লেখালেন। শুক্রবার এমন একটি রেকর্ড করলেন, যা বিরাট কোহলি, রোহিত শর্মারও নেই। আইপিএলের এক সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে পাওয়ার প্লেতে ৫০০ রান অতিক্রম করেন। এদিন মুল্লানপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৭ বলে ৩১ রান করা মাত্র এই রেকর্ডে পৌঁছে যান বৈভব। এই তালিকায় দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। ২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪৬৭ রান করেন। তৃতীয় স্থানে ট্রাভিস হেড। ২০২৪ সালে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪০২ রান করেন। গত আইপিএলে গুজরাটের হয়ে ৪০২ রান করেন সাই সুদর্শন। এদিন সবাইকে ছাপিয়ে যান সূর্যবংশী। 

শুধু এই একটি রেকর্ড নয়, আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বৈভব। আন্দ্রে রাসেলের রেকর্ড ভাঙেন। এই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে ৯৩২ রান ছিল সূর্যবংশীর। আরও ৬৮ রান করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ রানের গণ্ডি পার করার হাতছানি ছিল। এই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে ৪০২ বল খেলেছিলেন বৈভব। এই রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের দখলে। ৫৪৫ বলে এই রেকর্ড করেছিলেন ক্যারিবিয়ান তারকা। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দেন সূর্যবংশী। আগের দিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের একটি সংস্করণে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড নিজের দখলে করে নেন বিস্ময় বালক। ছাপিয়ে যান ক্রিস গেইলের ৫৮ ছক্কার রেকর্ড। দ্রুততম শতরানেরও হাতছানি ছিল। ৩০ বলে ১০০ করেছিলেন ক্যারিবিয়ান তারকা। একটুর জন্য সেই রেকর্ড হাতছাড়া হয় সূর্যবংশীর। ২৯ বলে ৯৭ রানে আউট হন। তবে যেভাবে শুরু করেছেন এবং যে গতিতে এগোচ্ছেন, আইপিএলে আরও বহু রেকর্ড ভাঙার সুযোগ পাবেন বৈভব।