আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের অবিশ্বাস্য গোলমিসের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ঘানার এক কথিত জাদুকরের ‘অভিশাপ’-এর দাবি। 

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে ঘানার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘানার আধ্যাত্মিক গুরু নানা কওয়াকু বোনসামের দাবি, তিনি নাকি ম্যাচের আগে কেনের ওপর অভিশাপ দিয়েছিলেন যাতে ইংল্যান্ড অধিনায়ক গোল করতে না পারেন।

তবে প্রাক্তন ইংল্যান্ড তারকা জেমি ক্যারাঘার ও ওয়েন রুনি এই ধরনের দাবিকে গুরুত্ব না দিয়ে দলের কৌশল ও কোচ টমাস টুখেলের দল নির্বাচনকেই ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসী ছিল ইংল্যান্ড। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন কেন। ঘানার বিরুদ্ধে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড অব ৩২ নিশ্চিত হয়ে যেত তাদের।

কিন্তু ম্যাচ জুড়ে বলের দখল ধরে রেখেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। ৭৮.৮ শতাংশ বল দখলে রাখার পরও গোল করতে ব্যর্থ হয় তারা। ড্রয়ের ফলে গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড ও ঘানার পয়েন্ট এখন চার। গোল পার্থক্যে শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ইংল্যান্ডের নিকো ও'রাইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। বলটি ছ' গজ দূরে থাকা হ্যারি কেনের সামনে পড়ে। প্রায় নিশ্চিত গোলের সুযোগ পেলেও বায়ার্ন মিউনিখ তারকা বলটি উড়িয়ে দেন।

?ref_src=twsrc%5Etfw">June 24, 2026

স্টেডিয়ামে উপস্থিত ইংল্যান্ড সমর্থকরা হতবাক হয়ে যান। সেই মিসের কারণেই জয়ের সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ডও স্পর্শ করতে পারেননি কেন।

ম্যাচের পরে সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হয় নানা কওয়াকু বোনসামের আগের মন্তব্য। তিনি দাবি করেছিলেন, ঘানার বিরুদ্ধে হ্যারি কেন যেন গোল করতে না পারেন, সে জন্য তিনি বিশেষ আধ্যাত্মিক আচার করেছেন। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ নেই, তবুও কেনের অবিশ্বাস্য মিসের পর অনেক ঘানা সমর্থক মজা করে ড্রয়ের কৃতিত্ব ওই জাদুকরকেই দিতে শুরু করেন।

ম্যাচ শেষে কেন বলেন, ''এ ধরনের ঘটনা ফুটবলে ঘটেই। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। বলটা আমার কাছেই এসেছিল, কিন্তু আমি ঠিকভাবে বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি।''

ম্যাচ শেষে নতুন মোড় নেয় পুরো ঘটনা। ফেসবুকে প্রকাশিত এক ভিডিওয় নানা কওয়াকু বোনসাম দাবি করেন, তিনি এখন কেনকে ‘মুক্ত’ করে দিতে প্রস্তুত, যাতে ইংল্যান্ড অধিনায়ক পরবর্তী ম্যাচে গোল করতে পারেন।

ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ''আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। এখন আমি হ্যারি কেনকে মুক্ত করে দিচ্ছি, যাতে ও পরের ম্যাচে গোল করতে পারে।''

বিশ্বকাপের অন্যতম অদ্ভুত ও আলোচিত ঘটনা হয়ে উঠেছে এই ‘অভিশাপ’ বিতর্ক। এদিকে ইংল্যান্ড তাদের শেষ গ্রুপ ম্যাচে ২৭ জুন পানামার মুখোমুখি হবে। আর হ্যারি কেন চাইবেন ঘানার বিরুদ্ধে হতাশাজনক স্মৃতি পিছনে ফেলে দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।