আজকাল ওয়েবডেস্ক: একে দলের ধরাশায়ী অবস্থা। তার মধ্যেই মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূলের অন্দরে মাথাচাড়া দিয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। শ্রীরামপুরের সাংসদ তথা অভিজ্ঞ আইনজবী কল্যাণ ব্যানার্জির নিশানায় ফের অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবারই অভিষেকের 'অ্যারোগেন্সি' ইস্যুতে নেত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণ। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির দায় অভিষেকের উপর চাপিয়ে কল্যা ব্যানার্জি সাফ বলেছিলেন, "মমতা দি-কে বাছতে হবে হয় আমি, নয় অভিষেক।" সেই সঙ্গেই অভিষেকের রক্ষাকবচ মামলা থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। যদিও প্রবীণ সাংসদদের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় অভিষেকের গলায় নরম সুর, ঠান্ডা মেজাজ!
কী বলেছেন অভিষেক?
শুক্রবার অভিষেক ব্যানার্জির কালীঘাট রোডের বাড়িতে সিআইডির আগমন ও নোটিশ ঘিরে উত্তেজনা ছড়ায়। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই কল্যাণ ব্যানার্জির ইস্যু নিয়ে পাল্টা মন্তব্য করেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। অভিষেক বলেন, "নিজের মত প্রকাশ করার অধিকার তাঁর (সাংসদ কল্যাণ ব্যানার্জি) রয়েছে। তিনি আমাকে ছোটবেলা থেকে চেনেন এবং আমার বেড়ে ওঠার সময়ও পাশে ছিলেন। তাই তিনি যদি আমাকে সমালোচনা করেন, সেই অধিকারও তাঁর আছে।"
কী বলেছিলেন কল্যাণ ব্যানার্জি?
বৃহস্পতিবার শ্রীকামুরের সাংসদ অভিষেককে নিশানা করেন। বলেন, "ওর এত ঔদ্ধত্যের কী আছে! সময় থাকতে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের কর্মী নই। আজকে বুঝতে হবে, ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে। এখনও যদি ওটা না বোঝে, তাহলে কিছু করার নেই।”
তৃণমূলে বেনজির সংঘাত পরিস্থিতি। সেই আবহে এদিন অভিষেকের নরম সুরে কী কল্যাণের রাগ কমল? তাকিয়ে মমতা অনুগামীরা।















