আজকাল ওয়েবডেস্ক: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসেই তিনি পুলিশকে দলমত নির্বিশেষে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়ার অভিযোগ এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
পুলিশের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী হামলার হুমকি দিয়ে ‘আল-কায়েদা’ নাম ব্যবহার করে ই-মেল পাঠানোর ঘটনায় গার্ডেনরিচ থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ভি. সলোমন জানান, ১৪ মে সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ই-মেল আসে। সেখানে ‘আবিদা আলি’ নামে এক মহিলা নিজেকে আল-কায়েদা অপারেটিভ বলে দাবি করে শুভেন্দু অধিকারীর উপর আত্মঘাতী হামলার হুমকি দেন।
এরপর সাইবার সেল ও এসটিএফ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেনরিচ এলাকা থেকে ২৭ বছরের হাসনাইন ইকবাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এক মহিলার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই সে তাঁর নাম ব্যবহার করেছিল। অভিযুক্তের মেলবক্স থেকেও ওই ই-মেল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান রয়েছে এবং সে আইপি অ্যাড্রেস তৈরি বা বদল করতে সক্ষম। এর আগেও নির্বাচন কমিশন-সহ বিভিন্ন সরকারি সংস্থাকে একই ধরনের হুমকিমূলক ই-মেল পাঠিয়েছিল বলে অভিযোগ।
এদিকে, ক্যানিংয়ে ফের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে। তিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা বলেই পরিচিত। বিশেষ তাৎপর্যের বিষয়, ক্যানিং থানার তৎকালীন আইসি সাসপেন্ড হওয়ার পর নতুন আইসি দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ক্যানিংয়ের নিজ বাড়ি থেকেই উত্তম দাসকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তম দাসের বাড়ির চারপাশ ঘিরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পুলিশ সূত্রে খবর, একাধিক অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি ভাবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।















