আজকাল ওয়েবডেস্ক: প্রতিবাদ আরও দৃঢ় করার মরিয়া উদ্যোগ। বুধবার কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছেড়েছেন  ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। ২৪ ঘন্টার মধ্যে ফের ইস্তফা তাঁর। এবার দলীয় মুখপাত্রের দায়িত্ব ছাড়লেন অরূপ।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে ইমেল করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল এই কাউন্সিলর। ব্যক্তিগত কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন অরূপ চক্রবর্তী।

ইমেলে অরূপ লিখেছেন, 'দলকে সেবা করতে পেরে আমি সম্মানিত। যখন মানুষ এবং সংবাদমাধ্যমের সামনে দলের প্রতিনিধিত্ব করেছি, তখন দলের ভাবধারা, মূল্য এবং দর্শন তুলে ধরার চেষ্টা করে গিয়েছি। দলের নেতৃত্ব আমার উপর যে ভরসা রেখে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।'

অরূপ চক্রবর্তীর মতোই দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুরসভার পদ ছাড়েন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষও। তিনি বরো চেয়ারম্যানের পদ থেকে একসঙ্গে ইস্তফা দেন। 

পুর প্রশাসন থেকে পদত্যাগী এই দুই তৃণমূল কাউন্সলরের অভিযোগ, ভোটে হারের পর তিন সপ্তাহ পার হলেও কোনও মন্ত্রীকে দেখা যায়নি। অথচ তাঁদের জন্যই নাকি তাঁরা দলনেত্রী মমতা ব্য়ানার্জির কাছে ঘেঁষতে পারতেন না। তাঁদের প্রশ্ন, হারের পর কোথায় গেলেন এক্স-ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া দলের সব হেভিওয়েটরা? বিজেপিকে ধন্যবাদও জানিয়েছেন এই দু'জন।