আজকাল ওয়েবডেস্ক: ভিডিও বার্তায় এবার কেন্দ্রের কাছে শর্ত রাখলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৫ দিন ধরে অনশন করছেন ওয়াংচুক।

দেশের একাধিক বিশিষ্টজনেরা ওয়াংচুককে ইতিমধ্যেই অনুরোধ করেছেন অনশন ভাঙার জন্য। এবার ওয়াংচুক নিজেই অনশন ভাঙার বার্তা দিলেন। তবে তার জন্য তিনি বিশেষ শর্ত রেখেছেন।

ভিডিও বার্তায় ওয়াংচুক জানিয়েছেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করছি, ছাত্রছাত্রীদের উপর আর যেন এই ধরনের বলপ্রয়োগ না করা হয়। আর দ্বিতীয়ত, তাঁদের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ বা এফআইআর দায়ের করা না হয়, যার মাধ্যমে পুলিশ বা প্রশাসন তাঁদের হয়রানি করতে পারে। এই বিষয়ে আমি সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস চাই। যদি দ্রুত সেই আশ্বাস পাই, তাহলে আপনাদের সকলের এবং যাঁরা এখানে এসে অনশন ভাঙার আবেদন জানিয়েছেন, তাঁদের অনুরোধের মর্যাদা রেখে আমি আজই অনশন ভেঙে দেব। কিন্তু যদি এমন কোনও আশ্বাস না আসে, তাহলে দুর্ভাগ্যবশত আমাকে এই অনশন চালিয়ে যেতে হবে।’

ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থাও জানিয়েছেন ওয়াংচুক। তিনি বলেন, ‘আমি এখনও বেঁচে আছি। আজ আমার অনশনের ২৫তম দিন। এই ২৫ দিনে আমার প্রায় ১১ কেজি ওজন কমে গিয়েছে এবং শরীরের পেশিও অনেকটাই ক্ষয় হতে শুরু করেছে। তবুও আমি মোটামুটি ভাল আছি। গতরাতে আমাকে সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাধুবাদ জানাতে চাই, যারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। লাঠির আঘাত সহ্য করেও তাঁরা পাল্টা হামলা করেননি। এমনকী, বারবার উসকানি দেওয়া হয়েছিল, কিছু লোককে পাথর ছোড়ার জন্য নিয়ে আসা হয়েছিল, তবুও আপনারা ধৈর্য ও সংযম বজায় রেখেছেন। এই দৃশ্য আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে। ছাত্রদের উপর যেভাবে নৃশংস হামলা চালানো হয়েছে, তা দেখেই আমি আমার অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

ওয়াংচুক বলেন, ‘এখনও পর্যন্ত বহু রাজনৈতিক নেতা আমার সঙ্গে দেখা করেছেন এবং অনশন ভাঙার আবেদন জানিয়েছেন। শাসক দলের মন্ত্রীও এসেছেন, সাংসদরাও এসেছেন। প্রায় ৬৫ জন সাংসদ স্বাক্ষর করে এবং ব্যক্তিগতভাবে এসে অনুরোধ করেছেন, আমি যেন অনশন ভেঙে আবার দেশের সেবায় ফিরে যাই। আমিও সেটাই চাই। আমার কাছে আমার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’