আজকাল ওয়েবডেস্ক: ছাত্র আন্দোলন এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

বুধবার এক সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সংবেদনশীল ঘটনাকে ব্যবহার করছেন রাহুল গান্ধী। নাড্ডা বলেন, ‘ছাত্রদের দাবি এবং প্রশ্নফাঁসের মতো গুরুতর বিষয়কে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা সম্পূর্ণ ভুল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।’

তিনি জানান, সরকার এই বিষয়ে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাঁর কথায়, ‘আলোচনার সবচেয়ে উপযুক্ত জায়গা হল সংসদ। সরকার সংসদে এই বিষয়ের প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত।’

রাহুল গান্ধীর সমালোচনা করে নাড্ডা আরও বলেন, বিরোধী দলনেতা শুধুমাত্র কেন্দ্রকে আক্রমণ করার জন্য প্রশ্নফাঁসের ঘটনাকে তুলে ধরছেন। অথচ কংগ্রেস বা বিরোধী শাসিত রাজ্যগুলিতে একই ধরনের ঘটনা ঘটলেও সে বিষয়ে তিনি নীরব।

তিনি বিরোধী দলগুলির উদ্দেশে নাড্ডা বলেন, ছাত্রদের ভবিষ্যতের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি না করে বিরোধীদের উচিত সরকারের সঙ্গে বসে একযোগে সমাধানের পথ খুঁজে বের করা।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদ থেকে রাস্তা— সর্বত্র সরব হয়েছেন তিনি।

কখনও ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে, কখনও বা দিল্লিতে ছাত্র-‌আন্দোলনের পাশে দাড়িয়েছেন। ‌বুধবার দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আন্দোলনকারী ছাত্ররা কোনও সন্ত্রাসবাদী নন।