বলিউড অভিনেতা সোনু সুদের জন্মদিন মানেই ভক্তদের উচ্ছ্বাস। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য অনুরাগী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ভালবাসায় ভরিয়ে দেন প্রিয় অভিনেতাকে। আর সেই ভালোবাসায় আপ্লুত হয়ে আবেগঘন বার্তা শেয়ার করলেন সোনু সুদ। 

সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায়, ভক্তদের সঙ্গে কথা বলছেন, তাঁদের শুভেচ্ছা গ্রহণ করছেন এবং হাসিমুখে ছবি তুলছেন। এই ভালবাসার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

পোস্টে সোনু লেখেন, "একটা সময় ছিল, যখন আমি পঞ্জাব থেকে শুধু কিছু স্বপ্ন নিয়ে বেরিয়ে এসেছিলাম। তখন জন্মদিনগুলো খুবই নিঃশব্দে কেটে যেত। আজ দেশের প্রতিটি প্রান্ত থেকে যে ভালবাসা পাচ্ছি, তা আমাকে ভাষাহীন করে দেয়। তোমাদের এই ভালবাসা আমাকে সত্যিই ধন্য করেছে।" তাঁর এই কথাগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীরা কমেন্টে শুভেচ্ছার বন্যা বইয়ে দেন। 

সোনু সুদের এই বার্তা যেন তাঁর দীর্ঘ সংগ্রামের গল্পও মনে করিয়ে দেয়। পঞ্জাবের মোগা থেকে স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন তিনি। শুরুটা মোটেও সহজ ছিল না। বহু বাধা পেরিয়ে ধীরে ধীরে বলিউড, তেলুগু ও তামিল চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন। আজ তিনি শুধু সফল অভিনেতাই নন, কোটি মানুষের কাছে অনুপ্রেরণারও নাম। 

অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও সোনু সুদ বিশেষভাবে পরিচিত। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় অসহায় পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন। সেই সময় থেকেই অনেকের কাছে তিনি বাস্তব জীবনের 'হিরো' হয়ে ওঠেন। 

জন্মদিনে পাওয়া এই অগাধ ভালবাসা যে তাঁর কাছে সবচেয়ে বড় উপহার, তা স্পষ্ট তাঁর আবেগঘন বার্তাতেই। স্বপ্ন নিয়ে পথচলা এক তরুণের আজকের এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মানুষের ভালবাসা। আর সেই কারণেই জন্মদিনে ভক্তদের উদ্দেশে তাঁর কৃতজ্ঞতার বার্তা আরও একবার সকলের মন ছুঁয়ে গেল।