গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ জানা যাচ্ছে, ইমেইল মারফত পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন কোয়েল। কিন্তু কোয়েলের ইস্তফাপত্র আদৌ গৃহীত হবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা।

রাজনীতিতে আসার মাস দুয়েকের মধ্যেই পদ থেকে ইস্তফা! এই নিয়ে এখন তোলপাড় টলিউড। কোয়েলকে নিয়ে নানা মন্তব্য উঠে আসছে সমাজমাধ্যমেও। এবার এই বিষয়ে কথা বললেন বিজেপির রুদ্রনীল ঘোষ। শুক্রবার 'আবার হাওয়া বদল'-এর প্রচারে রুদ্রনীল সংবাদমাধ্যমে কোয়েলের ইস্তফা নিয়ে মন্তব্য করেন।

তাঁর কথায়, "আমার বা আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই। সবার প্রিয় কোয়েল মল্লিক যে ঠিক ছিলেন, হয়তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করলেন। তিনি প্রাপ্তবয়স্কা মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তাঁর সিদ্ধান্ত, বিবেচনার উপরে সম্মানবোধ আছে।"

কোয়েলকে এর আগে কখনও প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করতে দেখা যায়নি৷ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে যখন হঠাৎ এপ্রিল মাসে তৃণমূলের হয়ে রাজ্যসভায় যেতে রাজি হয়েছিলেন কোয়েল তখন অনুরাগী থেকে ঘনিষ্ঠমহল বিস্মিত হয়েছিলেন সকলে৷ 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করেছিল তৃণমূল৷ তালিকায় বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের সঙ্গে নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের৷ 

শপথ নিয়ে অভিনেত্রী বলেছিলেন, " অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়। এটা একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা। এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না৷ সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।" 

রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ নিয়ে যদিও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি কোয়েল।