ফেলুদা, ব্যোমকেশ কিংবা কাকাবাবু—বাংলা সিনেমায় গোয়েন্দাদের ভিড়ে এবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে এক নতুন গোয়েন্দার। পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে রূপোলি পর্দায় আসছেন 'গোয়েন্দা কানাইচরণ'। আগেই জানা গিয়েছিল, ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। তবে চমক শুধু গোয়েন্দাতেই সীমাবদ্ধ নয়; ছবির প্রধান অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর চর্চা।
আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে এই হাই-ভোল্টেজ ছবির শুটিং। তার আগেই ফ্লোরে জোরকদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সম্প্রতি ছিল অভিনেত্রী ইধিকা পালের লুক টেস্ট। তবে সাধারণ কোনও পোশাক নয়, দুধসাদা জার্সি,মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে একেবারে আস্ত টেস্ট ক্রিকেটারের অবতারেই ফ্লোরে হাজির হন ইধিকা।
একটি ফ্রেমে দেখা গেছে, ইধিকাকে নিখুঁত ক্রিকেটীয় শট ও স্টান্স শিখিয়ে দিচ্ছেন খোদ ক্রিকেটপ্রেমী পরিচালক সৃজিত। অন্য ছবিতে ক্যামেরার দিকে সোজাসুজি তাকিয়ে কপিবুক স্টান্সে ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে ইধিকা—যেখান থেকে তাঁকে পেশাদার ক্রিকেটার ছাড়া অন্য কিছু ভাবা দায়!

সৃজিত মুখার্জির ক্রিকেটের প্রতি অনুরাগ কারো অজানা নয়। তাই কানাইচরণের এই রহস্য উদঘাটনে মাঠের ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ অনুঘটক হয়ে উঠবে, তা নিয়ে এখন থেকেই চড়ছে পারদের মাত্রা।
কিন্তু প্রশ্ন উঠছে, ফেলুদা বা ব্যোমকেশের মতো প্রতিষ্ঠিত চরিত্রের ভিড়ে হঠাৎ 'কানাইচরণ'-কে বেছে নেওয়া কেন?
সৃজিত মুখার্জির কথায়, "তিন-চার বছর আগে রাজর্ষি দাশভৌমিকের 'গোয়েন্দা কানাইচরণ' পড়ে অসম্ভব মুগ্ধ হয়েছিলাম। চরিত্রায়ন, কলকাতার প্রেক্ষাপট এবং কানাইচরণের সঙ্গে জুনিয়র ইন্সপেক্টর শৌভিকের রসায়ন—সব মিলিয়ে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। সেই থেকেই এটা পর্দায় আনার ইচ্ছে ছিল। রাজর্ষির সঙ্গে যোগাযোগ হয়...তারপর অনেক অপেক্ষার শেষে ফাইনালি ছবিটা হচ্ছে।"
ছবিতে কানাইচরণের ভূমিকায় যিশু সেনগুপ্ত এবং জুনিয়র ইন্সপেক্টর শৌভিকের চরিত্রে দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়কে। পাশাপাশি টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, সুমন্ত মুখার্জি এবং সুজয়প্রসাদ চ্যাটার্জির মতো শক্তিশালী অভিনেতাদের উপস্থিতি ছবিটির আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ব্যোমকেশের সফল রূপায়ণের পর ফের গোয়েন্দা অবতারে যিশু, সঙ্গে সৃজিতের চেনা থ্রিলারের সঙ্গে ক্রিকেটের মোড়ক—সব মিলিয়ে অগাস্টে শুটিং শুরুর আগেই সিনেপ্রেমীদের মধ্যে পারদ চড়াতে শুরু করেছে 'গোয়েন্দা কানাইচরণ'।
















