সম্প্রতি, শহরে 'নেভারমাইন্ড' ছবির প্রচারে এসে পোশাক নিয়ে কটাক্ষের শিকার হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সমাজমাধ্যমে একের পর এক সমালোচনা সভা বসে অভিনেত্রীকে নিয়ে। এমনকী 'নেভারমাইন্ড' ছবিটি নিয়েও সমালোচনার ঝড় ওঠে। এবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন ছবির পরিচালক, অভিনেত্রী চৈতি ঘোষাল।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যাঁরা সমালোচনা করলেন, তাঁরা কেউ-ই ছবিটা দেখেননি। যাঁরা পোশাক নিয়ে ট্রোল করলেন তাঁরা ভুলে গেলেন যে আমরা একটা সভ্য পৃথিবীতে বাস করি। সুতরাং পোশাক কেউ তাঁর নিজের ইচ্ছেতেই পরবে এটাই স্বাভাবিক। তাঁরা ভুলে গেলেন কাকে নিয়ে কথা বলছেন। সে একজন অভিনেত্রী, এতবছর দর্শককে বিনোদন দিয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। সে একটা পোশাক পরলে, আপনার সেটা পছন্দ না-ই হতে পারে, আপনার অনেক কিছুই তো অনেকের পছন্দ নয়। বড়জোর বাড়িতে এসে চার দেওয়ালের মধ্যে আপনি বলতে পারতেন আপনার বিষয়টা ভাল লাগেনি। কিন্তু আপনি, আপনারা এইভাবে ট্রোল করেন?"
চৈতি ঘোষাল আরও বলেন, "৪০-এর উপরে বয়সের মহিলাদের, বিশেষ করে তাঁরা যদি অভিনয় করেন তাহলে আপনারা তাঁদের বুড়ি বলে ডাকেন? আপনাদের বাড়ির লোকের সঙ্গেও কি এভাবেই কথা বলেন? আমরা তো আমাদের কাজ করে যাব, কিন্তু আপনাদের বাড়ির লোক, বাচ্চারা আছে। তারা দেখছে, বাবা-মা অন্যদের গালাগাল দিচ্ছে, তারাও আপনাদের দেখাদেখি লাইসেন্স পেয়ে যাচ্ছে। আমাকে ঋতুকে বাজে কথা বললে আমাদের যায় আসে না। আমরা বাঁচতে শিখে গিয়েছি, কিন্তু আপনারা ভবিষ্যৎ সমাজকে কি শেখাচ্ছেন?"
চৈতি ঘোষাল জানান, এসব ট্রোলিং কিছুতেই তাঁর মনোবল ভেঙে দিতে পারবে না। তাঁর সাহস আছে ছবি বানানোর, তিনি কারওর কটাক্ষের জন্য নিজের প্রতিভাকে দমাবেন না। চৈতি ঘোষালের ছেলে অমর্ত্যও নেটপাড়ার কটাক্ষের শিকার। চৈতি এদিন বুঝিয়ে দিয়েছেন, নিজের ছেলে বলে নয় ছবিতে তাঁকে সুযোগ দিয়েছিলেন প্রতিভার জন্য।















