অমিতাভ বচ্চনকে নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরই তুঙ্গে। মঙ্গলবার বলিউডের 'শাহেনশা'র হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ৮৩ বছর বয়সি অভিনেতা নাকি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকী ছেলে অভিষেক বচ্চনও নাকি বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন! এই খবর রটতেই উদ্বেগ ছড়ায়। সকলেই প্রিয় অভিনেতার সুস্থতা নিয়ে প্রার্থনা শুরু করেন।

অবশেষে স্বস্তির খবর মিলেছে। জানা যায়, অমিতাভের হাসপাতালে ভর্তির খবরের বেশিরভাগটাই ছিল গুঞ্জন। আসলে কোনও গুরুতর অসুস্থতা নয়, প্রতি মাসের নিয়ম মেনে খুব সাধারণ ও রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি সেদিনই বাড়ি ‘জলসা’-য় ফিরে আসেন। এমনকী পরের দিনই তাঁকে নিজে গাড়ি চালাতে দেখা গিয়েছে। অর্থাৎ, বিগ বি একদম 'ফিট অ্যান্ড ফাইন' আছেন!

এই সমস্ত গুজবের মাঝেই বুধবার ভোররাতে অমিতাভ বচ্চন নিজের অফিসিয়াল ব্লগে একটি পোস্ট শেয়ার করেন। তবে তিনি এই ভুয়ো খবর নিয়ে কোনও ক্ষোভ প্রকাশ করেননি। বরং নিজের চেনা মেজাজে একটি সুন্দর কবিতা পোস্ট করে ভক্তদের প্রতি ভালবাসা জানিয়েছেন। তিনি লিখেছেন, "ভালবাসা, প্রার্থনা এবং আরও অনেক কিছু।" তাঁর এই মিষ্টি বার্তা দেখেই ভক্তরা বুঝতে পেরেছেন যে 'বিগ বি' একেবারে সুস্থ আছেন।

এই বয়সেও অমিতাভ বচ্চনের কাজের এনার্জি নতুনদেরও টেক্কা দেয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় পর্বে, যেখানে তিনি ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও তাঁর 'সেকশন ৮৪' নামের একটি কোর্টরুম ড্রামা ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের প্রতি নিষ্ঠা এবং নিয়ম মেনে স্বাস্থ্যের যত্ন নেওয়া যেন অমিতাভ বচ্চনকে আজও সকলের থেকে আলাদা করে রেখেছে।