আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পর এবার পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। এবার থেকে রাজ্যের সব স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে 'বন্দেমাতরম' চালু হচ্ছে। আজ, বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও জানিয়েছেন, আগামী সোমবার থেকেই রাজ্যর সব স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে বন্দেমাতরম চালু হচ্ছে। তিনি আজ নবান্নে গিয়ে আরও বিস্তারিত জানাবেন।
রাজ্যের স্কুলে স্কুলে এখন গরমের ছুটি চলছে। অর্থাৎ ছুটির পর স্কুল খুলতেই প্রার্থনা সঙ্গীতে পড়ুয়াদের গাইতে হবে 'বন্দেমাতরম'। বৃহস্পতিবার বিকেলে এই বিষয়টি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।
'বন্দেমাতরম' রচনার ১৫০ বছর উদযাপনের আবহে রাজ্যেও এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট পদক্ষেপ করলেন। সূত্রের খবর, গত মঙ্গলবার বিকাশ ভবন থেকে রাজ্যের সব জেলা স্কুল পরিদর্শকের কাছে হোয়াটসঅ্যাপ মারফত এই নির্দেশ পাঠানো হয়েছে। এরপর স্কুল পরিদর্শকেরাও এই নির্দেশিকা পাঠিয়েছে স্কুলগুলিতে। যদিও সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে স্কুলগুলি।
কয়েক দশক ধরেই রাজ্যের অধিকাংশ স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে 'জনগণমন' গাওয়া হয়। কিছু কিছু স্কুলে প্রার্থনা সঙ্গীত নানাধরনের রয়েছে। গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত আখ্যা দিয়েছিলেন। গত বছর থেকে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, প্রার্থনা সঙ্গীত হিসেবে রাজ্য সঙ্গীতও গাইতে হবে।
প্রসঙ্গত, রাজ্যের সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে ১১ মে থেকে শুরু হয়েছিল গ্রীষ্মের ছুটি। স্কুল খোলার কথা ছিল ১৮ মে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই এই সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত। এ বার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শ্রেণির ক্লাসই গ্রীষ্মের ছুটির জন্য ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল খুলবে ১ জুন থেকে। তবে এই বিধি কার্যকর হবে না পার্বত্য অঞ্চলের স্কুলগুলিতে।
















