দীক্ষা ভুঁইয়া: রাজ্যের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। নবান্ন সূত্রে খবর, নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই অর্থ ছাড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ অর্থ স্থগিত রাখে। বিষয়টি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেও, কেন্দ্রের পক্ষ থেকে নতুন করে অর্থ বরাদ্দ করা হয়নি।
এরপর রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করে। প্রথম পর্যায়ে প্রায় ১১ লক্ষ উপভোক্তার জন্য প্রকল্প ঘোষণা করা হয়। পরে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় আরও ১৬ লাখ উপভোক্তার মাথার ছাদ করার প্রতিশ্রুতি দিয়েছিল পুর্বতন সরকার। যদিও ১৬ লাখের বদলে প্রথম দফায় প্রায় ১৮ লক্ষ ৫৮ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের জন্য ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। তবে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কারণে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ স্থগিত হয়ে যায়।
বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি পূর্ণমাত্রায় চালু না হওয়া পর্যন্ত রাজ্যের বিদ্যমান জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে যাওয়া হবে। যদিও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জন্য এক লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়েছে, তবুও 'বাংলার বাড়ি' প্রকল্পের উপভোক্তাদের অসমাপ্ত বাড়ির কাজ শেষ করার সুযোগ দিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুনরায় সমীক্ষা চালায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেই সমীক্ষা শেষ হওয়ার পরই দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 'বাংলার বাড়ি' প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের আনুষ্ঠানিক সূচনা করবেন।
















