আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে তৃণমূলের ভরাডুবি হয়েছে ভোটেই। কিন্তু পুরসভা গুলি এখনও ছিল তৃণমূলের হাতেই। সেই রাশও দিনে দিনেই আলগা হচ্ছে। একে একে ভাঙন পুরসভাগুলিতে। এবার অর্জুন সিংয়ের এলাকায় ধুয়ে  গেল তৃণমূল। ৩৫ কাউন্সিলরের মধ্যে ৩০ জন কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করলেন। স্বাভাবিক ভাবেই ঘটনায় তুমুল রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনায়।


একইসঙ্গে উল্লেখ্য, ওই ৩৫ তৃণমূল কাউন্সিলরের মধ্যে দু’জন কাউন্সিলর মৃত এবং তিনজন এখনও পদত্যাগ করেননি। পৌরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন।
শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে কাউন্সিলররা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। 

সাংবাদিক সম্মেলন করে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং জানান, এই সংকটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন।

পাশাপাশি তিনি বলেন, ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিং এবং জগদ্দল কেন্দ্রের বিধায়ক ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে এলাকার মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন। অন্যদিকে, ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, '৩৫ জন কাউন্সিলরের মধ্যে দু’জন মারা গিয়েছেন এবং ২৯ জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।'

 এই গণপদত্যাগের ঘটনায় ভাটপাড়া পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আগামী দিনে পৌরসভার বোর্ড ভেঙে প্রশাসক বসানো হবে নাকি নতুন করে নির্বাচন হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে ।