আজকাল ওয়েবডেস্ক: রাজকোট বিমানবন্দরে আটকে দেওয়া হল ইংরেজ স্পিনার রেহান আহমেদকে। তাঁর কাছে ভারতে ঢোকার সঠিক ভিসা ছিল না। সেই কারণেই আটকে দেওয়া হয় তাঁকে। এই সিরিজ় শুরুর আগে শোয়েব বশিরের ভিসা সমস্যা হয়েছিল। প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি। ছুটি কাটাতে আবু ধাবি গিয়েছিল ইংল্যান্ড দল। তৃতীয় টেস্টের আগে ভারতে ফিরে আসে ইংরেজরা। কিন্তু রাজকোট বিমানবন্দরে দু’ঘণ্টা আটকে থাকতে হল রেহানকে। রেহানকে যতক্ষণ না বিমানবন্দর থেকে বের করা হয় ততক্ষণ তাঁর পাশে ছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। রেহানকে সঙ্গে নিয়েই গোটা দল এয়ারপোর্ট ছাড়ে। ১৫ ফেব্রুয়ারি থেকে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হবে। সিরিজ বর্তমানে ১-১ ড্র রয়েছে। শেষ তিনটি টেস্টে প্রথম থেকেই ভালো খেলতে মরিয়া দুইদলই।
VISA ISSUE: ভিসা সমস্যায় পড়লেন ইংরেজ স্পিনার রেহান আহমেদ
