নিজস্ব সংবাদদাতা: হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা, চারপাশে আলোর জ্যোতি। "শাস্ত্রী" মিঠুন চক্রবর্তী! তাঁর আশীর্বাদের হাত মাথায় রেখেই শুটিং শুরু করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। উত্তর কলকাতার শ্যামবাজারে শুরু হয়ে গিয়েছে পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবির শুটিং। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুটিং হবে দক্ষিণ কলকাতার একটি বাড়িতে। তখন ফ্লোরে যোগ দেবেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এই ছবি শহরে শিরোনামে ছিল আগেই। ১৬ বছর পরে "শাস্ত্রী"র হাত ধরেই আবার জুটি বাধঁছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। ফ্যান্টাসি নিয়ে বাংলায় কাজ কম হয়েছে। আজকাল ডট ইন এর প্রশ্নে জানালেন ছবির পরিচালক পথিকৃৎ বসু।
অন্তত গত ৩০ বছরে ফ্যান্টাসি নির্ভর কাজ হয়নি টলিপাড়ায়। দাবি পরিচালকের। ছবির নাম শুনেই স্পষ্ট যে এই ছবির সঙ্গে জ্যোতিষী যোগ রয়েছে। পরিচালকের কথায়, " এস্ট্রোলোজি এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। অস্ট্রোনমিও আছে। জ্যোতিষ কি বিজ্ঞান? সেই নিয়ে একটা বিশ্লেষণ আছে। এমনকি জ্যোতিষ নিয়ে অবিশ্বাস আছে যাঁদের মনে তাঁরাও একটা দিক খুঁজে পাবেন । তেমন ভাবেই তৈরি হয়েছে স্ক্রিপ্ট। অনেক জাস্টিফিকেশন বেরিয়ে আসবে।""


খুব স্বাভাবিকভাবেই ছবির চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। জানালেন, "গল্প নিয়ে মিঠুন দা"র কাছে পৌঁছতেই অনেকটা সময় লেগেছিল। তবে একবারেই রাজি হয়েছিলেন তিনি। তাঁর চরিত্রের নাম  "পরিমল স্যান্যাল।" তাঁর স্ত্রীয়ের ভূমিকায় থাকছেন দেবশ্রী। যে তাঁকে অনেক সমস্যার হাত থেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করেন। দেবশ্রী দি"ও একবার শুনেই ছবির জন্য রাজি হয়েছিলেন। প্রায় ১৬ বছর পরে জুটি হিসেবে ফিরছেন তাঁরা।""
ছবির শুটিং হবে উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়েই। চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে  "শাস্ত্রী"।