আজকাল ওয়েবডেস্ক: ইছামতীতে প্রতিমা নিরঞ্জন দেখে ফেরার পথে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা। বেপরোয়া গতির বাইক সজোরে ধাক্কা মারে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক পোস্টে। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন রাজেশ দাস (১৮), শুভঙ্কর দাস (২০) ও সহদেব দাস (২৩)। তিনজনেই বাদুড়িয়ার আটুরিয়া দাসপাড়া এলাকার বাসিন্দা। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্বরূপনগরের গোকুলপুর এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে ইলেকট্রিক পোস্টে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তিন যুবককে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, তিন যুবকের মাথায় কোনও হেলমেট ছিল না। বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।