আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা উত্তরাখণ্ডে। আদি কৈলাস থেকে ফেরার পথে নদীতে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। জলে ডুবে মৃত্যু ৬ পুণ্যার্থীর।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে পিথোরাগড়ে। আদি কৈলাস থেকে ফিরছিলেন পুণ্যার্থীরা। ছয়জনের মধ্যে দুজন বেঙ্গালুরুর, দুজন তেলেঙ্গানার, দুজন উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন। আচমকা তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কালী নদীতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে দুর্গম জায়গায় উদ্ধারকাজ শুরু করা যায়নি। বুধবার সকালে ৬ পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার করা গেছে।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং।