আজডকাল ওয়েবডেস্ক: ছোট ছোট শিশুদের পাঠ দেওয়াই তাঁদের কাজ। বদলে স্কুলের এক শিক্ষিকা ও অধ্যক্ষ যা করলেন তাতে তাজ্জব সকলে। ঘটনা রাজস্থানের  চিত্তোরগড় এলাকার একটি সরকারি স্কুলের। স্কুলের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। রে রে করে ওঠেন অভিভাবক ও স্থানীয়রা। শেষপর্যন্ত স্কুলের অধ্যক্ষ এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছেন জেলা স্কুল আধিকারিক। 

কী এমন কাণ্ড করেছেন ওই অধ্যক্ষ ও তাঁর সহকর্মী শিক্ষিকা? ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, স্কুলের ফাঁকা স্টাফ রুম ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন তাঁরা। একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। একবার নয়, বেশ কিছুক্ষণ ধরে একাধিকবার এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

অভিভাকদের অভিযোগ, স্টাফ রুম ফাঁকা থাকলেই এই দুই শিক্ষক-শিক্ষিকা ঘনিষ্ঠ হয়ে পড়েন। বহু দিন ধরে তাঁদের এ হেন কার্যকলাপ দেখে অসন্তুষ্ট সকলে।প্রতিবাদও হয়েছে। ওই দু'জনের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করার জন্য স্কুল বিভাগের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু, লাভ হয়নি। অবশেষে ফের তাঁদের কীর্তি সিসিটিভি-তে ধরা পড়ল।

এছাড়াও, অভিযুক্ত অধ্যক্ষকে স্কুলে তাঁর ডেস্কে বসে তামাক চিবিয়ে খেতেও দেখা গিয়েছে। সাম্প্রতিককালে স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষের বারবার অনুপযুক্ত ও অশ্লীল আচরণের প্রমাণ মিলেছে। জেলা শিক্ষা আধিকারিক রাজেন্দ্র শর্মা বলেন, "প্রাথমিক তদন্ত করা হয়েছে। অধ্যক্ষ এবং শিক্ষিকা উভয়কেই বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময়কালে, তাঁদের বর্তমান কাজের জায়গা থেকে ৫০ কিলোমিটার দূরে হেডকোয়ার্টারে স্থানান্তরিত করা হয়েছে।"

ইতিমদ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রাজ্য প্রশানের জারি করা যে কোনও আদেশ কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা স্কুল আধিকারিক।