নিতাই দে, আগরতলা:‌ নিজের মাকে খুন করে ২ দিন মৃতদেহ ঘরে রেখে দিল ছেলে। ঘরের দরজা ভেঙে পুলিশ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে। আটক করেছে গুণধর ছেলেকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম শান্তি দেবনাথ (‌৬৫)‌। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের রধাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মিটার রিডিং নিতে এসে বিদ্যুৎ দপ্তরের কর্মী দেখতে পান ঘরের দরজা বন্ধ। দরজায় রক্তের দাগ রয়েছে। ভিতর থেকে পচা গন্ধ বেরিয়ে আসছে। ঘটনার কথা স্থানীয়দের জানানো মাত্রই পুলিশে খবর যায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মহিলার মৃতদেহ উদ্ধার করে। ঘরে মৃত মহিলার ছেলেও ছিল। এই ঘটনায় মৃত মহিলার ছেলে রাজু দেবনাথকে আটক করেছে পুলিশ। সে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। জানিয়েছে গত শুক্রবার কুড়ুল দিয়ে আঘাত করে মাকে খুন করেছে সে। ঘটনায় তদন্ত করছে পুলিশ। জানা গেছে, মৃত মহিলার স্বামী আগরতলায় থাকেন। স্থানীয়রা জানান, রাজু প্রায়ই মাকে মারধর করত।