আজকাল ওয়েবডেস্ক: বুধবার ভোরে আগুন লাগল ডানকুনির ওষুধের গুদামে। সেখানে রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। জানা গেছে, এদিন ডানকুনিতে দিল্লি রোডের পাশে একটি ওষুধের গুদামে আগুন লাগে। তখন গুদামের ভিতরে কয়েক জন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকল এবং ডানকুনি থানায়। শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর, গুদামে মজুত ছিল প্রচুর পরিমাণ কাগজের বাক্স। যা অত্যন্ত দাহ্য। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এদিকে, বহরমপুর থেকে মালদা যাওয়ার পথে স্টিলের বাসন বোঝাই লরিতে আগুন লাগে। জাতীয় সড়কের উপরই জ্বলতে থাকে লরিটি। ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ ও ফরাক্কা ব্যারেজের সিআইএসএফ। ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
Fire: ডানকুনিতে ওষুধের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকল
















