আজকাল ওয়েবডেস্ক: ডিআর কঙ্গোর সঙ্গে পর্তুগালের ড্রয়ের পর থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। এই তালিকায় যোগ দিলেন থিওরি অরি। সরাসরি দাবি করলেন, রোনাল্ডো দলকে সাহায্য করার থেকে বেশি ক্ষতি করেছেন। ফ্রান্সের প্রাক্তন তারকা জানান, নিজে গোল করার উদ্দেশ্য ভুলে দলকে সাহায্য করার চেষ্টা করা উচিত রোনাল্ডোর। একটি উদাহরণ তুলে ধরেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা। দ্বিতীয়ার্ধে নিজে গোল করার তাগিদে ব্রুনো ফার্নান্দেজের পথে চলে আসেন পর্তুগিজ তারকা। একটি অনুষ্ঠানে এমন জানান অরি। রোনাল্ডো কেন দলের ক্ষতি করছে, তার ব্যাখ্যাও দেন ফরাসি তারকা। 

অরি বলেন, 'দলের গোল দরকার। দলকে গোল করতে হবে, তোমাকে নয়। ও নিজে গোল করতে চায় বলে ব্রুনো ফার্নান্দেজের রাস্তার চলে আসে।' রোনাল্ডোর এই দৌড় ব্রুনোর পথ ব্লক করে দেয়। ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন পর্তুগিজ মিডফিল্ডার। ফরাসি তারকা জানান, বল শুধুমাত্র রোনাল্ডোকে লক্ষ্য করে বাড়ানো কাজ নয়, পরিস্থিতি অনুযায়ী গোল করার লোকের পায়ে বল দেওয়া উচিত। আরও বিস্তারিত ব্যাখ্যা করেন ফরাসি তারকা। অরি বলেন, 'নিজে গোল করতে চায় বলে ব্রুনোর সামনে চলে এল। সেটা না করে সরে যাওয়া উচিত ছিল। পরিস্থিতি অনুযায়ী সেক্ষেত্রে ব্রুনো বলে আলতো ট্যাপ করলেই গোল হয়ে যেত।'

নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন রোনাল্ডো। ১৪৩ আন্তর্জাতিক গোল রয়েছে। যা বিশ্বফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। আগের বিশ্বকাপে গোল পাননি। দু'বছর আগে ইউরোতেও গোল অধরা ছিল। চলতি বিশ্বকাপে একবার বল জালে রাখতে পারলেই আরও এক রেকর্ডের মালিক হবেন। যা হয়ত কেউ কোনওদিন ছুঁতে পারবে না। বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে ছ'টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়বেন পর্তুগিজ তারকা।