আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীবারই ফয়সলা আইএসএলের। কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সামনে ইন্টার কাশী। অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের মুখোমুখি দিল্লি স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবারের মহারণের আগে টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ধুন্ধুমার ম্যাচকে সামনে রেখে টিকিটের আকাশছোঁয়া দাম ধার্য করার পথে হাঁটছে কাশী ম্যানেজমেন্ট। এই ম্যাচটি ইস্টবঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। ইন্টার কাশীর হোম ম্যাচ।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ন্যূনতম টিকিট মূল্য রাখা হতে পারে এক হাজার টাকা। ভিআইপি টিকিটের দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই সিদ্ধান্ত ঘিরেই ক্ষোভে ফুঁসছেন লাল-হলুদ সমর্থকেরা। কেন এত টাকা দাম টিকিটের? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে ময়দানে।
ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচটির বল গড়াবে কিশোর ভারতী স্টেডিয়ামে। যুবভারতীর তুলনায় এই স্টেডিয়ামের আসন সংখ্যা অনেকটাই কম। সব মিলিয়ে প্রায় ১০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।
ভারতীয় ফুটবলে সাধারণ লিগ ম্যাচে হাজার টাকা ন্যূনতম টিকিট মূল্য কার্যত নজিরবিহীন। তবে যেহেতু এটি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, তাই পুরো আয়োজনের দায়িত্ব ইন্টার কাশীর হাতে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কত টিকিট বরাদ্দ হবে, তা এখনও স্পষ্ট নয়।
এই জট কাটাতে মঙ্গলবার ফের বৈঠকে বসতে পারে দুই ক্লাব। তবে তাতে আদৌ সমাধানসূত্র বেরোবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
লক্ষ্মীবারের মেগা ম্যাচকে ঘিরে ইস্টবেঙ্গল শিবিরেও প্রস্তুতি তুঙ্গে। ক্লাব তাঁবুতে জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।















