আজকাল ওয়েবডেস্ক: ফুটবল বিশ্বে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো। মাঠের লড়াইয়ে দুই দলের সমর্থকদের অন্যতম বড় তর্কের বিষয়ও তাদের কিংবদন্তি ফুটবলাররা।
ব্রাজিল পেলের নাম উচ্চারণ করে গর্ব করে, আর নীল-সাদা জার্সিধারীরা মারাদোনাকে নিয়ে সরব হয়।
তবে এবারের বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর যেন সুর বদলেছে ব্রাজিল শিবিরেও।
মজার ছলে হলেও, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ব্রাজিল দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সে দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচেই হোঁচট খায়। মরক্কোর বিরুদ্ধে বিবর্ণ লেগেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তার পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা মেসিকে দলে চাওয়ার কথা বলেছেন। মরক্কোর বিরুদ্ধে ব্রাজিল প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারলেও উদ্বিগ্ন নন লুলা।
ব্রাজিল হোঁচট খেলেও আর্জেন্টিনা শুরু করেছে দুদ্দাড়িয়ে। প্রসঙ্গক্রমে এসেছে আর্জেন্টিনা ম্যাচের কথাও। তা নিয়ে প্রশ্ন উঠতেই হাসতে হাসতে লুলা বলেন, ''আমি ভাবছিলাম, মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কি না!''
ব্রাজিলের প্রথম ম্যাচের ফল নিয়ে লুলার ব্যাখ্যা, ''জনশ্রুতি বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক, এবার কী হয়।''
এদিকে ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না নেইমার। গ্রুপ পর্বে দেখা যাবে না নেইমারকে। দলের তারকাকে নিয়ে সংশয় রয়েছে ব্রাজিল শিবিরে। এখন দেখার মরক্কো ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ছন্দে ফেরে কিনা।
















