আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল এবং চাকরি পেতে দেরি হওয়ার প্রতিবাদে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ১৭ জুন রাজস্থানের কোটায় ছাত্র ও চাকরিপ্রার্থীদের ‘ছাত্রদের গুঞ্জন’ আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাহুলের অভিযোগ, একের পর এক পরীক্ষার এই অব্যবস্থা দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।
সোমবার সমাজমাধ্যম ‘এক্স’-এ রাহুল লেখেন, আজকের ভারতে তরুণদের "স্বপ্ন দেখার শাস্তি পেতে হচ্ছে।" কঠোর পরিশ্রম করেও যে সাফল্য মিলবে, তার কোনও ভরসা নেই। প্রতিটি প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিল আসলে ব্যবস্থার বড় ব্যর্থতা এবং কোটি কোটি ছাত্র-ছাত্রীর স্বপ্নে আঘাত।
যুবসমাজের এই ক্ষোভকে সমর্থন করে রাহুল জানান, সরকার যখন কথা শুনতে চায় না, তখন গলার আওয়াজ আরও উঁচুতে তুলতে হয়। কোটা থেকে এই প্রতিবাদের আওয়াজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আসুন, আমরা সবাই মিলে এমন এক গর্জন তুলি যা সরকার উপেক্ষা করতে পারবে না।"
আসলে পরীক্ষা নিয়ে দুর্নীতি এবং সরকারি চাকরি পেতে দেরি হওয়ার মতো বিষয়গুলিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে বড় রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চাইছে কংগ্রেস। রাহুল স্পষ্ট জানিয়েছেন, কর্মসংস্থান ও ন্যায্য সুযোগের দাবিতে পড়ুয়াদের এই লড়াইয়ে তিনি পাশে আছেন।
আগামী ১৭ জুন কোটার দশহরা ময়দানে ‘শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও’ কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনের শুরু হচ্ছে। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পটনা এবং ১৪ জুলাই দিল্লিতে এই কর্মসূচি হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস-সহ নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি 'ব্যঙ্গাত্মক' সংগঠন।
গত রবিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এই সংগঠনের এক প্রতিবাদ সভায় যোগ দেন অভিনেতা প্রকাশ রাজ। সমাজকর্মী সোনম ওয়াংচুক ও সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের উপস্থিতিতে প্রকাশ রাজ বলেন, দেশের যুবসমাজ এবার নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে লড়াইয়ে নেমেছে।
হায়দরাবাদ, দিল্লি এবং পুনেতেও এই নিয়ে বিক্ষোভ হয়েছে। সেখানে সোনম ওয়াংচুক জানান, এই আন্দোলনের লক্ষ্য কোনো রাজনৈতিক ক্ষমতা পাওয়া নয়, বরং পড়ুয়াদের অধিকার রক্ষা করা।
















