আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর ভূয়সী প্রশংসা করলেন সদ্য স্বামীহারা যুবতী প্রিয়দর্শিনী আচার্য। বুধবার গভীর রাতে ভারতের তিন সেনাবাহিনী যৌথভাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায়। গুঁড়িয়ে দিয়েছে ন'টি জঙ্গি ঘাঁটি। নিকেশ শতাধিক জঙ্গি। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ভূমিকার প্রশংসা করলেন প্রিয়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রিয়া জানিয়েছেন, 'ভারতীয় সেনাবাহিনী ও কেন্দ্রের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এমন কড়া পদক্ষেপের জন্য। আমার স্বামীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে সেনারা প্রতিজ্ঞা করেছিলেন, এর যোগ্য জবাব তাঁরা দেবেন। সেটাই আজ হল।' তাঁর আরও বক্তব্য, 'আমি আজ খুব খুশি। কারণ জঙ্গিরা এবং তাদের পরিবার এবার বুঝতে পারবে, মানুষের জীবন কত দামি। আমার স্বামীর মৃত্যু বিফলে গেল না।'
প্রিয়া এও জানান, 'আমার স্বামী আর কখনও ফিরবেন না। পৃথিবীর কোনও প্রান্তেই ভয়ঙ্কর জঙ্গি হামলা যাতে আর না ঘটে, তাই চাইছি। জঙ্গিদের পুরোপুরি নিকেশ করা প্রয়োজন। আমার আত্মবিশ্বাস ছিল। সেনাবাহিনীর চোখে সেদিনই ক্রোধ দেখেছিলাম।'
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা হয়। বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করা হয়। ২৬ জন নিহতের মধ্যে ছিলেন ওড়িশার বাসিন্দা প্রশান্ত সতপাতি। স্বামীকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন প্রিয়দর্শিনী। ঘটনার ১৫ দিনের মাথায় অবশেষে তাঁর চোখে আনন্দাশ্রু দেখা গেল।
















