সান বাংলার ধারাবাহিক 'সোহাগে আদরে'-এর পর্দায় এখন উৎসবের মেজাজ। তবে এই রঙের উৎসব কি শুধুই আনন্দ বয়ে আনবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনও বড় বিপদ? আগামী পর্বগুলোতে দর্শকদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা আর একের পর এক চমক।
গল্পের মোড় ঘুরিয়ে এবার ময়ূরাক্ষ্মী আয়োজন করছে এক জাঁকজমকপূর্ণ হোলি পার্টির। তবে এই পার্টি সাধারণ কোনও উৎসব নয়, ময়ূরাক্ষী স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখানে প্রবেশাধিকার কেবল সমাজের তথাকথিত 'এলিট' বা উচ্চবিত্ত শ্রেণির। নিজের আভিজাত্য আর ক্ষমতার আস্ফালন দেখাতেই এই এলাহি আয়োজন। কিন্তু এই জৌলুসের আড়ালে ময়ূরাক্ষীর আসল লক্ষ্য কিন্তু অন্য কেউ।
উৎসবের আবহে যখন নাচ, গান আর আবিরে মেতে উঠবে সবাই, ঠিক তখনই নিজের গোপন চালটি চালার অপেক্ষায় মায়ূরাক্ষী। জানা যাচ্ছে, সোহাগের বড়সড় কোনও ক্ষতি করার ছক কষছে সে। রঙের আড়ালে সোহাগকে বিপদে ফেলার এই ষড়যন্ত্র সফল হবে কি না, তা নিয়েই দানা বাঁধছে রহস্য।
অন্যদিকে, বাড়ির বড়রা যখন উৎসবে ব্যস্ত, তখনই আড়ালে নিজের ঘুঁটি সাজাচ্ছে সূর্য। ময়ূরাক্ষীর এই হাই-প্রোফাইল পার্টিকে সে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তবে সূর্যের আসল উদ্দেশ্য কী? সে কি সোহাগকে বাঁচাতে চাইছে, নাকি তার লক্ষ্য অন্য কিছু? পর্দার আড়ালে সূর্যের এই নিঃশব্দ চাল গল্পের মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন দেখার।
গল্পের মোড়ে সোহাগ ও সূর্যের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরে সূর্য কিংবা সোহাগ একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে এখনও পর্যন্ত মেনে নিতে পারেনি। কিন্তু মনে মনে সোহাগকে ভালবাসে সূর্য। তার জীবনে চলার পথে সোহাগ যেন একটা নতুন মোড়। কিন্তু ময়ূরাক্ষীর ষড়যন্ত্রের মুখে পড়ে কী করে উদ্ধার হবে সোহাগ? সূর্য কি পারবে তাকে বাঁচাতে? উত্তরের অপেক্ষায় দর্শক।
প্রসঙ্গত, এই মেগায় 'সোহাগ' ও সূর্যের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণিমা হালদার ও শুভরঞ্জন মুখোপাধ্যায়কে। তাঁদের জুটিকে দর্শক প্রথমবার পর্দায় দেখছেন।
















