আগেই জানা গিয়েছিল অসুস্থতার কারণে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকটি থেকে সরে দাঁড়িয়েছেন শুভ্রজিৎ সাহা। আর সেই কথা তিনিই নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন। এরপর আজকাল ডট ইনের তরফে জানানো হয় রাহুলের চরিত্রে দেখা যেতে চলেছে সায়ন বসুকে। সেই খবরের সত্যতায় সিলমোহর দিয়ে সদ্যই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেখানে নতুন রাহুলকে একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা। ক্রমাগত শুভ্রজিৎ সাহাকে ফেরানোর দাবি তোলা হচ্ছে। বাদ যাচ্ছে না ট্রোলিংও। এই বিষয়ে নতুন ও পুরনো নায়ক কী বললেন? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মদ্যপ অবস্থায় রাহি নিজের মনের কথা রাহুলকে জানায়। তারপর তার গায়েই এলিয়ে পড়ে। এই ঘটনা তিতলি সহ্য করতে পারে না। সেই দেখেই দর্শকরা লিখেছেন, 'এতদিন এই সিনের অপেক্ষা করেছি। এখন যখন এল আসল রাহুল নেই।' কেউ আবার লিখেছেন, 'শুভ্রজিৎ সাহাকে ফিরিয়ে আনুন, নইলে ধারাবাহিক দেখব না।' এমন মন্তব্যের বন্যা বইছে যখন গোটা বিষয়টাকে কীভাবে দেখছেন নতুন রাহুল ওরফে সায়ন বসু? 

https://www.instagram.com/reels/DZ9ceT-AVdd/

আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে সায়ন বলেন, "আমি খুব একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, ফলে ঠিক কী চলছে জানি না। আর এটা ঠিক ট্রোলিং নয়। একটা তো সেটআপ ছিল। একটা মুখ দর্শক এতদিন দেখে এসেছে, তাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। ফলে এখন মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। তাঁরা যে লিখছেন সেটা তাঁরা তাঁদের ক্ষোভ বা কষ্টের জায়গা থেকে লিখছেন। আমাকে উদ্দেশ্য করে কিন্তু কোথাও ট্রোলিং নেই। পুরোটাই শুভ্রজিৎ সাহাকে ফিরিয়ে আনার আবেদন। আমাকে ট্রোল করার মতো লোক খুব একটা নেই। আমাকে নিয়ে ট্রোলিংয়ের খুব একটা জায়গা নেই।" তাঁর আরও সংযোজন, "এটা তো হওয়ারই ছিল। এটা তো হতোই। আজ আমি যদি কোনও চরিত্র করতে করতে ছেড়ে চলে যেতাম তখনও একই জিনিস ঘটত। আমিও যে এটা নিয়ে খুব একটা চিন্তিত, সেটা নয়। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আমাকে পালন করতে হবে। আশা করছি সেই দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে পারব। একটু সময় দেওয়া প্রয়োজন। মানুষ সেটা ঠিকই গ্রহণ করবে।" 

অন্যদিকে দর্শকদের কাছে গোটা বিষয়ে বিশেষ আবেদন করেছেন শুভ্রজিৎ সাহা। তিনি ফেসবুকের পাতায় লেখেন, "আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। আমি বুঝতে পারছি, রাহুল চরিত্রটির সঙ্গে আপনাদের আবেগ জড়িয়ে আছে, আর সেটাই খুব স্বাভাবিক। কারণ প্রথম থেকে এই চরিত্রে যে মুখটাকে দেখে আপনারা অভ্যস্ত, সেটা হঠাৎ করে বদলে গেলে সেটা মেনে নিতে একটু অসুবিধা হওয়াটাও স্বাভাবিক। আমি আপনাদের সেই আবেগকে সম্মান করি এবং সম্পূর্ণ বুঝতে পারছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, THE SHOW MUST GO ON. আমাকে ছাড়াও এই শো-এর সঙ্গে আরও অনেক মানুষ জড়িয়ে আছেন। তাঁদের পরিশ্রম, তাঁদের স্বপ্ন এবং তাঁদের জীবিকা এই শো-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এই শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত নিজেদের সেরাটা দিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করছেন শো-টাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমার অনুরোধ, তাঁদের এই প্রচেষ্টা এবং পরিশ্রমকে সম্মান করুন।" 

শুভ্রজিৎ এদিন তাঁর পোস্টে আরও লেখেন, "রাহুল চরিত্রে নতুন যিনি এসেছেন, তাঁকে দয়া করে ট্রোল করবেন না। প্রথমে মেনে নিতে একটু অসুবিধা হলে, তাঁকে এবং সময়কে একটু সুযোগ দিন। বিশ্বাস করুন, প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তাই কারও বিরুদ্ধে খারাপ মন্তব্য বা নেতিবাচকতা ছড়াবেন না—এটাই আমার আন্তরিক অনুরোধ।" 

তাঁর এই পোস্টেও দর্শকরা লিখে চলেছেন সুস্থ হয়ে যেন তিনি পুনরায় এই ধারাবাহিকে রাহুল হয়ে ফেরেন। যদিও তাতে শুভ্রজিৎ লেখেন, "আমি আবার ফিরে আসব আপনাদের কাছে—হয়তো নতুন কোনো চরিত্রে, নতুন কোনো গল্প নিয়ে। কিন্তু আমি শো থেকে সরে গেছি বলে দয়া করে শো-টিকে বয়কট করবেন না। বরং এখন এই শো-এর আপনাদের ভালোবাসা এবং সমর্থন আরও বেশি প্রয়োজন। পাশে থাকুন, ভালোবাসা দিন, আর কোনো শিল্পীকে লক্ষ্য করে তাঁর বিরুদ্ধে ঘৃণা বা নেতিবাচকতা ছড়াবেন না—এই অনুরোধটুকু রাখবেন।" (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)