টেলিভিশন থেকে বলিউড, নিজের অভিনয় ও গ্ল্যামার দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন মৌনি রায়। গত কয়েকদিন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অভিনেত্রীর স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে নাকি সম্পর্কের টানাপোড়েন চলছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এমনকী তাঁদের বিচ্ছেদ হতে পারে বলেও নানা পোস্ট ও আলোচনা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতেই অবশেষে মুখ খুললেন মৌনি।
সম্প্রতি নেটাগরিকদের নজরে আসে, মৌনি ও সুরজ আর একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। পাশাপাশি সুরজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকেই জল্পনা আরও বেড়ে যায়। অনেকেই মনে করতে শুরু করেন, হয়তো তাঁদের দাম্পত্য সম্পর্কে সমস্যা চলছে। কেউ কেউ আবার দাবি করেন, তাঁরা নাকি আলাদাও থাকছেন। যদিও এই সব তথ্যের কোনও সঠিক প্রমাণ এখনও সামনে আসেনি।
বিতর্ক বাড়তেই নীরবতা ভাঙলেন মৌনি। বুধবার তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করার অনুরোধ করেছেন। তাঁর কথায়, "আমি সমস্ত মিডিয়া হাউজকে অনুরোধ করছি তারা যেন মিথ্যা তথ্য প্রকাশ না করে। আমাদের একা ছেড়ে দিন ও গোপনীয়তা বজায় রাখুন।" তিনি যে বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়াতে বিরক্ত তা তাঁর পোস্টে স্পষ্ট ধরা পড়েছে।

এদিকে মৌনির একটি পুরনো সাক্ষাৎকারও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রী বলেছিলেন, সম্পর্কে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেই সমস্যা বেশি দিন টেনে নিয়ে যাওয়ার কোনও মানে নেই। বরং দু’জনের উচিত একে অপরকে বোঝা এবং সম্পর্ককে সময় দেওয়া। সেই পুরনো মন্তব্য ঘিরেও এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন মৌনি ও সুরজ। বাঙালি এবং দক্ষিণ ভারতীয়, দুই রীতিতেই তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বিয়ের পরেও বহুবার একসঙ্গে ছুটি কাটানো, পার্টি কিংবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে এই দম্পতিকে। তাই আচমকা তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে অবাক হয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত মৌনি বা সুরজ কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা স্বীকার করেননি। তাই এই মুহূর্তে সবটাই জল্পনার স্তরেই রয়েছে। সত্যিই তাঁদের সম্পর্কে কোনও সমস্যা হয়েছে কি না, তা সময়ই বলবে।
















