স্টার জলসার ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'তে এই মুহূর্তে অভিনয় করছেন অলিভিয়া সরকার। অলিভিয়াকে দর্শক নায়ক গোরার বোন 'মেঘনা'র চরিত্রে দেখা যাচ্ছে। তবে ধারাবাহিকের শুটিং ফ্লোরে সম্প্রতি দুর্ঘটনার মুখে পড়েছেন অলিভিয়া সরকার। একটি দৌড়ানোর দৃশ্যের শুটিং করতে গিয়ে পড়ে যান অভিনেত্রী। আর পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে মোচড় লাগে তাঁর। ফলে পা ফুলে যায়। তবে শুটিং বন্ধ করেননি অলিভিয়া।সাময়িক বিশ্রাম নিয়ে ফের শুটিং শুরু করেছেন তিনি।
আজকাল ডট ইন-কে অলিভিয়া বলেন, "পায়ে প্রচন্ড ব্যথা। কিন্তু গল্পে টানটান মোড় আসছে এখন তাই শুটিং বন্ধ করলে হবে না। ভাল করে কাজ করতেই হবে।"
ধারাবাহিকে অলিভিয়ার চরিত্রটি ধূসর প্রকৃতির। গোরার বোন হলেও সে এলাকে মোটেও পছন্দ করে না। কারণ বিয়ের দিন সে বাড়ি থেকে পালাতে চেয়েছিল, আর এলা তার পরিকল্পনা বানচাল করে দেয়। সেই থেকেই এলার উপরে রাগ তার।
প্রসঙ্গত, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে ইতিমধ্যেই বড় চমক প্রকাশ্যে এসছে। মৈনাকের পর্দা সকলের সামনে ফাঁস করে দিয়েছে এলা। গোরা বুঝেছে স্ত্রীকে বিশ্বাস না করে, বন্ধুর কথা শুনে কত ভুল করেছে। মৈনাকও এবার ধরা পড়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেয় এলাকে শিক্ষা দেওয়ার। নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাতে। এবার এই গল্পকে আরও জমজমাট করে তুলতে আসছে নতুন চমক।
গল্পে দেখানো হয়েছে মৈনাক বিয়ে করে এসেছে। কাকে? গোরার বোনকে। আর সেই ঘটনার পর বিরক্ত এবং নায়কের পরিবার। তারা চায় মৈনাক এবং মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এলা তাতে বাধা দেয়। জানায় এই বাড়িতে থাকলে মৈনাককে চোখে চোখে রাখতে পারবে। সে কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না, বা ভুল করতে পারবে না। যদিও তাতে তার শ্বশুর আপত্তি জানায়।
এমন সময় গোরাদের বাড়িতে এন্ট্রি নেয় মৈনাকের মা। জানায় যেহেতু মৈনাকের সঙ্গে সেই বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেছে সে নিজের শ্বশুর বাড়ি যাবে। এবং এক কাপড়ে বাপের বাড়ির ঋণ শোধ করে দিয়েই যাবে। বলে ছেলে বউমাকে নিয়ে হাঁটা দেয়। এবার এলা এবং গোরার জীবনে এই ঘটনাকে কেন্দ্র করে কোন নতুন ঝড় ওঠে সেটাই দেখার। গোরার বোনকে তুরুপের তাস বানিয়ে কি তবে মৈনাক নিজের বদলা নেবে।
এই বিষয়ে এও জানিয়ে রাখা ভাল, গল্পের যে ঝলক প্রকাশ্যে এসেছে, তাতে এটুকু স্পষ্ট মৈনাক এলা এবং গোরার মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল সেটা মিটেছে। এবার অভিমানের পালা সরিয়ে খুনসুটির মধ্যে দিয়ে কাছে আসছে। যদিও সেটা কতটা সম্ভব হয় নতুন চক্রান্তের মাঝে সেটাই দেখার।
















