আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পরেই এবার ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রার্থীদের হয়ে জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করতে চলেছেন তিনি। আগামী সপ্তাহেই বিধানসভা নির্বাচনের প্রচারের ময়দানে দেখা যাবে অভিষেককে। 

 

দলীয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার, ২৪ মার্চ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন অভিষেক ব্যানার্জি। সেদিন দুপুর দু'টোয় পাথরপ্রতিমায় জনসভা রয়েছে তাঁর। পরেরদিনই পৌঁছে যাবেন নন্দীগ্রামে। হাইভোল্টেজ এই কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারীর বিপরীতে তৃণমূলের হয়ে লড়বেন পবিত্র কর। তাঁর সমর্থনে কর্মীসভায় উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

 

আগামী ২৫ মার্চ, বুধবার বেলা ১২টায় প্রথমে দাসপুর, তারপর বেলা একটায় কেশিয়াড়ি ও নারায়ণগড়ে প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন অভিষেক ব্যানার্জি। এরপর তিনি নন্দীগ্রামে যাবেন। 

 

দলীয় সূত্রে খবর, ২৪ তারিখ থেকেই জনসভা শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আলিপুরদুয়ার থেকে জনসভা শুরু করার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের পরিকল্পনা, উত্তর থেকে প্রচার শুরু করবেন মমতা, দক্ষিণ থেকে অভিষেক।

গত মঙ্গলবার বিকেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন একবারেই ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

 

নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

 

২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। 

 

২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।